প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2026 ইং
লংগদুতে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে বিশেষ অভিযান: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২

মঞ্জুুরুল ইসলাম লংগদু প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদুতে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ২ জনকে গ্রেপ্তার করেছে লংগদু থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিন বিকেল চারটার পর থেকে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আজ ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল চার ঘটিকায় লংগদু থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বগাচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন বগাচত্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (২৫), পিতা: আরজ আলী এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রহিম (২৮), পিতা: মৃত শাহ আলম।
পুলিশ সূত্রে জানা যায়, লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। সারাদেশে আওয়ামী লীগের নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ করতে চট্টগ্রাম বিভাগীয় পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
লংগদু থানা পুলিশ জানায়, এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট